ইপেপার / প্রিন্ট
গত সপ্তাহে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অত্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছিল। তবে সেই সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন, যেন এখন ইরানে কোনো হামলা না চালানো হয়।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর এই অনুরোধের প্রধান কারণ ছিল মধ্যপ্রাচ্যে পর্যাপ্ত সামরিক প্রস্তুতির অভাব। ইরানের পাল্টা হামলার প্রতিরোধে প্রয়োজনীয় শক্তি তখন সেখানে উপস্থিত ছিল না। ইরান হুমকি দিয়েছিল, যদি তাদের ওপর কোনো হামলা চালানো হয়, তাহলে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হবে।
মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সম্ভাব্য প্রতিহামলা ঠেকানোর সক্ষমতা না থাকার কারণে হামলা পিছিয়ে দেওয়া হয়। ইসরায়েল মূলত এই ধরনের হুমকি প্রতিহত করার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধে ইরান যেসব ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল, সেগুলো প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা।
ওয়াশিংটন পোস্টের আরও তথ্য অনুযায়ী, গত বুধবার ট্রাম্পের উপদেষ্টারা ধারণা করেছিলেন যে কোনো মুহূর্তে হামলা শুরু হতে পারে। তবে তা ঘটেনি। পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফের কাছে খুদেবার্তা পাঠান, যা পরিস্থিতি কিছুটা শান্ত করতে সাহায্য করে।
ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরানের এই সংঘর্ষপূর্ণ উত্তেজনা মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ও সামরিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।