ইপেপার / প্রিন্ট
নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগকে ‘জঙ্গী সংগঠন’ হিসেবে উল্লেখ করে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি সাদেক কায়েম। মঙ্গলবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হওয়া ‘রান উইথ জবি শিবির’ শীর্ষক শারীরিক ফিটনেস কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
সকাল সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় দুই হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন বলে দাবি করেন আয়োজকরা। শোভাযাত্রা ক্যাম্পাস থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, কোর্ট এলাকা, রায় সাহেববাজার মোড়, ধোলাইখাল হয়ে ধূপখোলা মাঠে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে বক্তব্যে সাদেক কায়েম বলেন, তাদের ভাষায় ‘জুলাই বিপ্লবে’ ক্ষমতাসীন সরকার পতনের পরও “ফ্যাসিবাদী দোসররা” এখনো বিভিন্ন স্থানে “গুপ্ত অবস্থায়” রয়েছে। তিনি দাবি করেন, “আগামী বাংলাদেশে খুনি হাসিনা ও তার নিষিদ্ধ ছাত্র-যুবলীগের কোনো স্থান হবে না।” তিনি আরও আহ্বান জানান, কারা কোথায় অবস্থান করছে তা চিহ্নিত করে আইনগত ব্যবস্থার আওতায় আনার।
জকসু নির্বাচনের তারিখ পেছানো প্রসঙ্গে তিনি বলেন, “এটি কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং ওপর থেকে নির্দেশ এসেছে।” তবে তিনি পরিস্থিতি উত্তপ্ত না করতে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের মধ্যে শারীরিক দুর্বলতা ও অসুস্থতা বাড়ছে। তাই সুস্থ থাকার জন্য শরীরচর্চার প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, বিগত সময় ‘ফ্যাসিস্ট শাসনামলে’ জনপরিসরে ছাত্রশিবিরের এ ধরনের কর্মসূচি সীমিত রাখা হয়েছিল।
কর্মসূচিতে শিবিরের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাদেক কায়েম ও তার সংগঠন ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন সময় সহিংসতা, সন্ত্রাস ও রাজনৈতিক সংঘর্ষে জড়িত থাকা অভিযোগ উঠেছে। অপরদিকে, তার বক্তব্যে যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, সেই আওয়ামী লীগ ও ছাত্রলীগ তার এ বক্তব্যকে ভিত্তিহীন ও রাজনৈতিক অপপ্রচার বলে জানিয়ে থাকে। এই বক্তব্য নিয়ে এখনও সরকারি বা আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।