ইপেপার / প্রিন্ট
ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের (ইসি) সার্বিক প্রস্তুতি, পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেছে সুইডেন। এ বিষয়ে ইসির পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি, আপিল শুনানি প্রক্রিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে নেওয়া পদক্ষেপগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন ভবনে ঢাকাস্থ সুইডিশ রাষ্ট্রদূত ও ফার্স্ট সেক্রেটারির সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, সুইডিশ প্রতিনিধিদল মূলত দেশের নির্বাচনী পরিবেশ, ইসির প্রস্তুতি এবং সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। কমিশনের পক্ষ থেকে তাদেরকে মনোনয়ন যাচাই-বাছাই ও সম্প্রতি শেষ হওয়া আপিল শুনানির প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়েছে।
সিনিয়র সচিব আরও জানান, বৈঠকে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য (মিস-ইনফরমেশন) ও অপপ্রচার (ডিস-ইনফরমেশন) কীভাবে মোকাবিলা করা হচ্ছে—সে বিষয়ে সুইডেনের পক্ষ থেকে বিশেষ আগ্রহ দেখানো হয়। এ বিষয়ে ইসির নেওয়া মনিটরিং ও প্রতিরোধমূলক পদক্ষেপগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
এছাড়া সুইডেনের পক্ষ থেকে নির্বাচনে কোনো ধরনের সহায়তার প্রয়োজন রয়েছে কি না, সে বিষয়েও জানতে চাওয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, নির্বাচনের দিন ও পূর্ববর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সুস্পষ্ট পরিকল্পনা সুইডিশ প্রতিনিধিদের সামনে উপস্থাপন করা হয়েছে।
মনোনয়নপত্র প্রত্যাহার প্রসঙ্গে তিনি জানান, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা ছিল। সারাদেশ থেকে আসা তথ্যগুলো একত্র করতে সময় লাগবে। ফলে চূড়ান্তভাবে কতজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন, সেই সংখ্যা আগামীকাল (বুধবার) জানা যাবে।
তিনি আরও জানান, নির্বাচন কমিশন আগামী ২৫ জানুয়ারি জাতীয় নির্বাচন সংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে একটি বড় ধরনের প্রেস ব্রিফিং আয়োজন করবে। সেখানে নির্বাচন প্রস্তুতির সর্বশেষ অবস্থা বিস্তারিতভাবে তুলে ধরা হবে।