ইপেপার / প্রিন্ট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের জন্য সঠিক, নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্য নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় এটুআই-এর ন্যাশনাল হেল্পলাইন ৩৩৩–এর মাধ্যমে একটি বিশেষ তথ্যসেবা চালু করা হয়েছে।
এই সেবার আওতায় দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে টোল ফ্রি ৩৩৩ নম্বরে কল করে ৯ চাপলে নাগরিকরা নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, এই হেল্পলাইনের মাধ্যমে ভোটাররা ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি, ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য, নির্বাচনকালীন আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার নিয়মসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। পাশাপাশি প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিদ্যমান বিশেষ সুবিধা সম্পর্কেও বিস্তারিত তথ্য দেওয়া হবে।
এ ছাড়া নির্বাচন কমিশনের নির্ধারিত Smart Election Management BD এবং Postal Vote BD অ্যাপ ব্যবহারের পদ্ধতি সম্পর্কেও নাগরিকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৬ জানুয়ারি থেকে পাইলট আকারে চালু হওয়া এই বিশেষ সেবার মাধ্যমে ইতোমধ্যে ১ হাজার ৬৪৩ জন নাগরিক নির্বাচন সংক্রান্ত তথ্য ও সহায়তা গ্রহণ করেছেন।
একই সঙ্গে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, সম্ভাব্য অস্থিরতা আগাম শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করার একটি সহায়ক মাধ্যম হিসেবেও ৩৩৩-এর ৯ নম্বর অপশন ব্যবহারের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। তবে এই সেবা সরাসরি পুলিশ কন্ট্রোল রুম হিসেবে কাজ করবে না। বরং এটি একটি ‘Information Intake, Early Warning & Forwarding System’ হিসেবে কার্যক্রম পরিচালনা করবে এবং প্রয়োজন অনুযায়ী প্রাপ্ত তথ্য ৯৯৯ অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
এই উদ্যোগের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত বিভ্রান্তি কমবে এবং নাগরিকদের অংশগ্রহণ আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।