ইপেপার / প্রিন্ট
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সেনাবাহিনী। নির্বাচনী পরিবেশ নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে শনিবার (৩১ জানুয়ারি) এলাকায় বিশেষ ফুট প্যাট্রোল পরিচালনা করা হয়েছে।
৪৬ স্বতন্ত্র ব্রিগেডের দায়িত্বশীল এক কর্মকর্তা বিকেল সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বসিলা ও শেরেবাংলা সেনা ক্যাম্পের সদস্যরা মোহাম্মদপুরের রায়েরবাজার ও আদাবর এলাকার বিভিন্ন আবাসিক এলাকায় এই টহল কার্যক্রম পরিচালনা করেন।
তিনি জানান, বিশেষ করে সংবেদনশীল এলাকা ও সম্ভাব্য ভোটকেন্দ্রের আশপাশে সেনাবাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। আসন্ন নির্বাচনের আগে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সেনাবাহিনীর ওই কর্মকর্তা আরও বলেন, ফুট প্যাট্রোল চলাকালে সেনাসদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহলের কারণে তারা নিজেদের আরও নিরাপদ অনুভব করছেন। তারা আশা প্রকাশ করেন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড সূত্র জানায়, নির্বাচনকালীন সময় পর্যন্ত দিনে ও রাতে এ ধরনের নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও জানানো হয়েছে।