জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিশাল উপজেলায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসব। এ উপলক্ষে শনিবার ত্রিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জানা গেছে, ২৩ মে দুপুরে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করবেন। এর আগে সকালে ঢাকা থেকে সড়কপথে ত্রিশালে পৌঁছে বৈলর ইউনিয়নের কানহর বাজার এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর স্মৃতিবিজড়িত ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সেখানে এক সমাবেশে বক্তব্য রাখবেন।
পরে প্রধানমন্ত্রী নজরুলের বাল্য স্মৃতিবিজড়িত দরিরামপুর নজরুল একাডেমি প্রাঙ্গণে আয়োজিত জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এছাড়া নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা, মহানগর ও বিভাগীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।
প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ত্রিশাল সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীরা। পুরো ত্রিশালজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
দলীয় নেতাকর্মীরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সাজানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও প্যানাফ্লেক্সে। নজরুল একাডেমি প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল। পাশাপাশি বসেছে নজরুল বইমেলা ও তিন দিনব্যাপী মেলা, যেখানে প্রায় পাঁচ শতাধিক স্টল অংশ নিয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এ সফরে ত্রিশালের জন্য নতুন উন্নয়ন প্রকল্প বা বিশেষ ঘোষণা আসতে পারে। তাদের দাবির মধ্যে রয়েছে ‘নজরুল সিটি’ বাস্তবায়ন, শিল্পনগরী ঘোষণা এবং নতুন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন।
ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, “২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ত্রিশালবাসীকে বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছিলেন। এবারও বর্তমান প্রধানমন্ত্রীর কাছ থেকে ব্যতিক্রমধর্মী উন্নয়ন উপহার পাওয়ার আশায় আছি।”
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবের দ্বিতীয় দিনের প্রধান অতিথি থাকবেন আসাদুজ্জামান এবং তৃতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নিতাই রায় চৌধুরী।
উৎসবজুড়ে জাতীয় ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে নানা সাংস্কৃতিক আয়োজন। কবি-সাহিত্যিক ও নজরুলপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে নজরুলের স্মৃতিধন্য ত্রিশাল।