ইপেপার / প্রিন্ট
আমের বাণিজ্যিক রাজধানীখ্যাত নওগাঁর সাপাহারের সুস্বাদু আম এবার দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার (২৬ জুন) ‘গ্রামীণ কৃষক এগ্রো’ নামের একটি প্রতিষ্ঠান ‘Golden Bengal Mango’ ব্র্যান্ডে প্রাথমিকভাবে এক টন আম্রপালি আম যুক্তরাষ্ট্রের বার্কিং শহরে রপ্তানি করেছে।
রপ্তানিকারক প্রতিষ্ঠান জানায়, আন্তর্জাতিক মান বজায় রাখতে প্রতিটি আম প্রথমে VHT (Vapor Heat Treatment) প্রক্রিয়ার মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়। পরে স্বাস্থ্যসম্মত পরিবেশে প্যাকেজিং সম্পন্ন করে বাংলাদেশ উদ্ভিদ সংগনিরোধ বিভাগ, বিএসটিআই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর বিদেশে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়।
গ্রামীণ কৃষক এগ্রোর স্বত্বাধিকারী আহমদ আলী বলেন, এটি শুধু একটি আমের চালান নয়, বরং বাংলাদেশের কৃষকের পরিশ্রম ও বিশ্ববাজারে দেশের সক্ষমতার প্রতীক। প্রাথমিক চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে মোট ১০ মেট্রিক টন আম পাঠানো হবে। পাশাপাশি জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের আরও কয়েকটি দেশে আম রপ্তানির কার্যক্রমও চলমান রয়েছে।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে মানসম্মত আম রপ্তানির জন্য কৃষকদের নিয়মিত কারিগরি পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে নওগাঁ থেকে প্রায় ১১০০ মেট্রিক টন আম বিভিন্ন দেশে রপ্তানির আশা করছে কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে নওগাঁ জেলায় ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এ বছর প্রায় ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।