ইপেপার / প্রিন্ট
জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে দুর্গম কেন্দ্রগুলিতে ব্যালট ও নির্বাচনী কর্মকর্তাদের পরিবহনের জন্য বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টার ব্যবহার করবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা আরও বলেন:
দুর্গম কেন্দ্রগুলোতে নির্বাচন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এমন দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনকে প্রভাবিত বা বাধাগ্রস্ত করতে পারে এমন কার্যক্রম অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে।
নির্বাচনের চার দিন পূর্বে নিবিড় টহল পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ করে চরাঞ্চল ও দুর্গম এলাকায়।
তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানের মাধ্যমে ১৩ ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত:
১৯,৮৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩৪৬টি আগ্নেয়াস্ত্র, ২১৯১ রাউন্ড গুলি, ৭২২ রাউন্ড কার্তুজ, ৬৯৪টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতশবাজি ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।
মামলা ও ওয়ারেন্ট মূলে ৫৩,৩৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে চেকপোস্ট ও টহলের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, যাতে সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীরা কার্যক্রম চালাতে না পারে এবং অবৈধ অস্ত্র উদ্ধার বৃদ্ধি পায়।