ইপেপার / প্রিন্ট
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ২৭ জন ফ্লাইট ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বৃহস্পতিবার (৫ মার্চ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাবস্থা শুরুর পর থেকে প্রায় পাঁচ দিন ধরে সংযুক্ত আরব আমিরাত-এর দুবাই-এ আটকে ছিলেন বিমানের এসব ক্রু। অনিশ্চিত পরিস্থিতির মধ্যে তারা সেখানে অবস্থান করছিলেন। পরে ইউএস-বাংলার উদ্যোগে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়।
জানা গেছে, বিমানের এসব ফ্লাইট ক্রু দীর্ঘ সময় বিদেশে আটকে থাকায় তাদের পরিবার-পরিজন চরম উৎকণ্ঠার মধ্যে সময় পার করছিলেন। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের দেশে ফিরিয়ে এনে স্বজনদের উদ্বেগ অনেকটাই দূর করেছে।
এদিকে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতেও বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার একটি বিশেষ ফ্লাইটে ৩৭৮ জন যাত্রী নিয়ে বিমানটি নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেছে। পরিকল্পনা অনুযায়ী আরেকটি বিশেষ ফ্লাইট শুক্রবার (৬ মার্চ) সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
জানা গেছে, এসব বিশেষ ফ্লাইট পরিচালনায় ৪৩৬ আসনের এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে।