ইপেপার / প্রিন্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় আজ রোববার (১২ এপ্রিল ২০২৬) নবনির্বাচিত দুইজন সংসদ সদস্য শপথ গ্রহণ করতে যাচ্ছেন। জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে দুপুর ১২টায় এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সদস্যরা নিয়ম অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করবেন। অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
শপথ নিতে যাওয়া দুই সংসদ সদস্য হলেন—শেরপুর-৩ আসন থেকে নির্বাচিত মো. মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী মো. রেজাউল করিম বাদশা।
এর আগে গত ১০ এপ্রিল নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের মাধ্যমে তাদের বিজয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী ৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল চূড়ান্ত করে প্রকাশ করা হয়।
উল্লেখ্য, বগুড়া-৬ আসনটি শূন্য হয় তারেক রহমান নির্বাচনে জয়ী হওয়ার পর আসনটি ছেড়ে দিলে। পরবর্তীতে ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় পূর্বনির্ধারিত ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। পরে নতুন তফসিল অনুযায়ী পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে নতুন প্রতিনিধি নির্বাচিত হন।
আজকের শপথের মধ্য দিয়ে এই দুই আসনে সংসদীয় প্রতিনিধিত্ব পূর্ণতা পাচ্ছে, যা জাতীয় সংসদের কার্যক্রমকে আরও সম্পূর্ণ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।