প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান-কে ভারতের দিল্লিতে প্রবেশে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধা দেওয়ার ঘটনাকে “অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক” বলে মন্তব্য করেছে সরকার।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্ত্রী বলেন, “এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনক। পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। আজকের দিন শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”
সরকারি সূত্রে জানা গেছে, জাহেদ উর রহমান ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (IORA) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।
তবে কূটনৈতিক চিঠি ও পূর্বানুমতির পরও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশে বাধা দেয় বলে অভিযোগ ওঠে। পরে উচ্চ পর্যায়ের নির্দেশে অনুমতি দেওয়া হলেও তিনি শেষ পর্যন্ত দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন এবং সোমবার দুপুরে দেশে ফেরেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বাংলাদেশ হাইকমিশন গত শুক্রবারই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে তার সফর ও বৈঠকে অংশগ্রহণের বিষয়টি জানিয়েছিল।
ঘটনাটিকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক প্রক্রিয়া ও যোগাযোগে কোনো ত্রুটি ছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট মহল জানিয়েছে।