ইপেপার / প্রিন্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা এস এ সিদ্দিক সাজুকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রাজধানীর দারুস-সালাম থানা বিএনপির আহ্বায়ক সাজু দলীয় নির্দেশনা অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাজু দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ঢাকা-১৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পান ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি।
সাজু মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু দল থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি না পেয়ে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন।
তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।