নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন খোকন দলীয় পরিচয়ে অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) নোয়াখালীর সোনাইমুড়ীর বগাদিয়া বেগম খালেদা জিয়া মহিলা মাদরাসায় আয়োজিত এক অভিভাবক সমাবেশে তিনি বলেন, দলীয় পরিচয়ে কেউ সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি বা হামলার সঙ্গে জড়িত থাকলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান এবং কোনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই।
এ সময় তিনি খালেদা জিয়া-র নারী শিক্ষায় অবদানের কথা স্মরণ করে বলেন, তার নেওয়া পদক্ষেপগুলোর কারণেই দেশে নারী শিক্ষার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।