ইপেপার / প্রিন্ট
চুয়াডাঙ্গার দর্শনা-গেদে সীমান্ত দিয়ে ১১ জন বাংলাদেশিকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দ্রুত পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
রোববার (১৪ জুন) ভোরে দর্শনা-গেদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, পুশইনের চেষ্টাকৃত ১১ জনের মধ্যে ৮ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।
ভোরের দিকে বিএসএফ ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে তাদের সীমান্তের কাটাতারের বেড়ার নিকটবর্তী এলাকায় রাখা হয়। তবে পরবর্তীতে তারা কোথায় অবস্থান নিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, ভোর সাড়ে ৪টার পর বিএসএফ ১১ জনকে পুশইনের চেষ্টা চালায়। বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সামনের দিনগুলোতে পুশইনের ঘটনা আরও বাড়তে পারে।
তিনি আরও বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন এবং অন্যান্য অপতৎপরতা প্রতিরোধে বিজিবির টহল, গোয়েন্দা নজরদারি ও অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।