ইপেপার / প্রিন্ট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে মোট ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে ভোটারদের জন্য স্থাপন করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। বিশাল এই নির্বাচন ব্যবস্থাপনা পরিচালনায় প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রিজাইডিং অফিসার রয়েছেন ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন এবং পোলিং অফিসার ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন। সব মিলিয়ে মোট ভোটগ্রহণ কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জনে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।
ইসি সচিব বলেন, কেন্দ্রভিত্তিক সব প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে কেন্দ্র ও কক্ষ নির্ধারণসহ প্রশাসনিক সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হয়েছে।