বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ বাড়াতে উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস জোটের সাতটি সদস্য দেশ। সৌদি আরব, রাশিয়া, কুয়েত, আলজেরিয়া, ইরাক, কাজাখস্তান ও ওমান আগামী জুন মাস পর্যন্ত দৈনিক অতিরিক্ত ১ লাখ ৮৮ হাজার ব্যারেল তেল উত্তোলন করবে।
সোমবার (৪ মে) অনলাইনে অনুষ্ঠিত বৈঠকের পর এক বিবৃতিতে জোটটি জানায়, সদস্য দেশগুলোর পারস্পরিক সম্মতির ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ওপেক প্লাসে আটটি দেশের সমন্বয়ে উৎপাদন বৃদ্ধির একটি প্রস্তাব থাকলেও সংযুক্ত আরব আমিরাত জোট থেকে বেরিয়ে যাওয়ায় চূড়ান্ত উৎপাদন লক্ষ্য কিছুটা কমানো হয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকরা বলছেন, গত কয়েক মাস ধরে বৈশ্বিক বাজারে সরবরাহ পরিস্থিতি ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে জ্বালানি তেলের দাম ওঠানামা করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক শিপিং রুটে অনিশ্চয়তা বাজারে প্রভাব ফেলছে।
ব্রিটিশ গবেষণা সংস্থা রাইস্ট্যাড এনার্জির বিশ্লেষক জর্জ লিওন এএফপিকে বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে তেলের দাম বৃদ্ধির মূল কারণ সরবরাহ ঘাটতি নয়, বরং সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত। তার মতে, শুধু উৎপাদন বাড়ালেই বাজার স্থিতিশীল হবে— এমনটি নিশ্চিত নয়, বিশেষ করে গুরুত্বপূর্ণ শিপিং রুটে স্বাভাবিকতা না ফিরলে।
ওপেক প্লাসের এই সিদ্ধান্ত বিশ্ববাজারে তেলের দাম ও সরবরাহ পরিস্থিতিতে কী প্রভাব ফেলবে, তা নিয়ে এখন নজর রাখছেন অর্থনীতিবিদ ও জ্বালানি বিশ্লেষকরা।