ইপেপার / প্রিন্ট
রাজধানীর তুরাগ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে দুর্গতদের পুনর্বাসনে সরকার, রাজনৈতিক দল এবং সমাজের বিত্তবানদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকালে তুরাগ থানাধীন বামনারটেক এলাকার অলি মাদবর বাড়ির বস্তিতে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং এটি একটি নৈতিক ও মানবিক কর্তব্য।
তিনি দাবি করেন, জামায়াত দীর্ঘদিন ধরে বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে, তবে রাষ্ট্রীয় উদ্যোগ আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। তার মতে, নাগরিকদের সংকট মোকাবিলায় রাষ্ট্রীয় ব্যবস্থার ঘাটতি রয়েছে, যা পুনর্বিবেচনা করা জরুরি।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে চাল, খাদ্যসামগ্রী, নতুন কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়। স্থানীয় নেতারা জানান, মোট ২৫ কেজি চালসহ প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও বলা হয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দুর্গতদের পাশে দাঁড়ানো উচিত, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে।