ইপেপার / প্রিন্ট
উজানে ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভাঙনের কারণে ঝুঁকিতে পড়া রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকার দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান কার্যালয়ের তিন সদস্যের প্রতিনিধি দল।
বুধবার (২৪ জুন) দুপুরে এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ভাস্কর কান্তি চৌধুরী, এবাদত আলী এবং নির্বাহী প্রকৌশলী তাপস চক্রবর্তী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। তারা বাঁশের পাইলিং দিয়ে নির্মিত স্পার এবং নৌকাযোগে নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে নদীর বর্তমান অবস্থা ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।
এলজিইডির কর্মকর্তারা জানান, বুয়েটের নদী বিশেষজ্ঞদের নিয়ে দ্রুত একটি কারিগরি পরিদর্শন পরিচালনা করা হবে এবং তাদের সুপারিশ অনুযায়ী স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের কথাও জানান তারা।
এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তার পানি কিছুটা কমতে শুরু করেছে। বুধবার বিকেল ৩টায় ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।