ইপেপার / প্রিন্ট
উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাটে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার নদী তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৩টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি ৫২ দশমিক ১৬ মিটার রেকর্ড করা হয়, যা বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, ভারতের উজান এলাকায় কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের ফলে তিস্তা নদীতে পানির প্রবাহ বেড়েছে। এর প্রভাব বাংলাদেশ অংশেও পড়েছে। ইতোমধ্যে লালমনিরহাট জেলার তিস্তা তীরবর্তী বিভিন্ন চরাঞ্চল, ফসলি জমি ও গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে যেতে শুরু করেছে।
জেলার পাঁচটি উপজেলার নদী তীরবর্তী এলাকায় বন্যার পানি ছড়িয়ে পড়েছে। পানির চাপে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও গুরুত্বপূর্ণ সড়কগুলোও ঝুঁকির মুখে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাঁধগুলোর স্থায়ী সংস্কার না হওয়ায় প্রতি বর্ষা মৌসুমে একই ধরনের দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ বলেন, চরাঞ্চলের অনেক বাড়িতে ইতোমধ্যে পানি ঢুকে পড়েছে। পানিবন্দি মানুষজন শিশু, বৃদ্ধ ও গবাদিপশু নিয়ে চরম দুর্ভোগে রয়েছেন। পাশাপাশি সাপ-পোকার উপদ্রবও বেড়ে গেছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের ঢল অব্যাহত থাকায় তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে এবং ডালিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।