কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পথসভাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সভার মাইক খুলে নেওয়ার জন্য ডিবি পুলিশ পাঠানো হয়েছিল বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।
রোববার (১৭ মে) গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, চাঁদপুর সফরের পথে তার নির্বাচনী এলাকায় একটি সংক্ষিপ্ত পথসভার জন্য তিনি প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েছিলেন। সেই অনুযায়ী মুদাফফরগঞ্জ বাজারে সভামঞ্চ প্রস্তুত করা হয়। তবে অনুষ্ঠান শুরুর আগে ডিবি পুলিশ এসে মাইক খুলে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি।
সংসদ সদস্যের দাবি, ডিবি সদস্যরা জানিয়েছিলেন তারা পুলিশ সুপারের নির্দেশে এসেছেন। পরে স্থানীয় নেতাকর্মীরা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে পুলিশ সদস্যরা মাইক রেখে চলে যান।
তিনি আরও অভিযোগ করেন, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান অতীতে রাজনৈতিকভাবে প্রভাবশালী ভূমিকার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে শুনেছেন এবং বিষয়টি তিনি দলের উচ্চপর্যায়ে অবহিত করেছেন।
তবে অভিযোগের বিষয়ে পুলিশ সুপার আনিসুজ্জামান তা অস্বীকার করেছেন। গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি অভিযোগটি সঠিক নয় বলে জানিয়েছেন।
উল্লেখ্য, গত শনিবার চাঁদপুর সফরের অংশ হিসেবে তারেক রহমান কুমিল্লার মুদাফফরগঞ্জ বাজার ও বরুড়া উপজেলার লক্ষীপুর এলাকায় দুটি পথসভায় অংশ নেন। মুদাফফরগঞ্জের সভায় তিনি সংক্ষিপ্ত বক্তব্যও দেন।