ইপেপার / প্রিন্ট
ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় ধরনের সাফল্য পেতে পারে জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়–এর দল তামিলাগা ভেত্তরি কাঝাঘাম (টিভিকে)। বিভিন্ন বুথ ফেরত জরিপে এমন ইঙ্গিত পাওয়া গেছে।
গত ২৩ এপ্রিল তামিলনাড়ুতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে আগামী ৪ মে। এর আগে পশ্চিমবঙ্গ ও আসাম–এর বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হয়। বুধবার পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পর তিন রাজ্যের বুথ ফেরত জরিপ প্রকাশ করা হয়।
বেশিরভাগ জরিপকারী সংস্থা জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও আসামে কেন্দ্রীয় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ভালো ফল করতে পারে। তবে তামিলনাড়ুতে সবচেয়ে বড় চমক দেখাতে পারেন বিজয়।
সংবাদমাধ্যম এনডিটিভি–র সহযোগী জরিপ সংস্থা এক্সিস মাই ইন্ডিয়া–র পূর্বাভাস অনুযায়ী, বিজয়ের দল টিভিকে ৯৮ থেকে ১২০টি আসনে জয় পেতে পারে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রথমবারের মতো দলটি নির্বাচনে অংশ নিয়েছে।
যদি জরিপের ফল বাস্তবে প্রতিফলিত হয় এবং দলটি অন্তত ৯৮টি আসনও পায়, তাহলে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন শক্তির উত্থান ঘটবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে রাজ্যটির ক্ষমতায় রয়েছে ডিএমকে ও তাদের মিত্ররা।
তামিলনাড়ু বিধানসভায় মোট আসন ২৩৪টি। সরকার গঠনের জন্য প্রয়োজন কমপক্ষে ১১৮টি আসন। বুথ ফেরত জরিপ অনুযায়ী, বিজয়ের দলের এককভাবে সরকার গঠনের সম্ভাবনা সীমিত হলেও রাজ্যের রাজনীতিতে শক্তিশালী অবস্থান তৈরির সুযোগ তৈরি হয়েছে।