ইপেপার / প্রিন্ট
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে তামাকপণ্যের ওপর কার্যকর কর আরোপ এবং মূল্য বৃদ্ধির দাবি জানিয়েছেন তরুণরা। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে National Board of Revenue ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধনের আয়োজন করে DORP Tobacco-Free Youth। বক্তারা বলেন, দেশে তামাকজাত পণ্যের সহজলভ্যতার কারণে তরুণ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ধূমপানের প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তাদের দাবি, প্রতিবছর তামাকজনিত রোগে প্রায় ২ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে, যা দেশের মোট মৃত্যুর উল্লেখযোগ্য অংশ। এই পরিস্থিতি মোকাবিলায় তামাকপণ্যকে তরুণদের ক্রয়ক্ষমতার বাইরে নিয়ে যেতে কার্যকর কর বৃদ্ধি অপরিহার্য।
বক্তারা আরও বলেন, তামাক ব্যবহারের কারণে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ বছরে প্রায় ৮৭ হাজার কোটি টাকা, যেখানে এই খাত থেকে সরকারের রাজস্ব আয় প্রায় ৪০ হাজার কোটি টাকার মতো। ধোঁয়াবিহীন তামাকপণ্য যেমন জর্দা, গুল ও সাদাপাতা যুক্ত করলে এই ক্ষতির পরিমাণ আরও বাড়ে।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা উল্লেখ করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের তুলনায় তামাকপণ্য এখনও তুলনামূলক সস্তা। মূল্যস্ফীতি ও আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তামাকপণ্যের দাম না বাড়ায় এটি তরুণদের নাগালের মধ্যেই থেকে যাচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে প্রস্তাব করা হয়, সিগারেটের বর্তমান চার স্তরের মূল্য কাঠামো পুনর্বিন্যাস করে নিম্ন ও মধ্যম স্তর একত্রিত করা, প্রতি ১০ শলাকার প্যাকেটের মূল্য ১০০ টাকা নির্ধারণ, উচ্চ স্তরে ১৫০ টাকা এবং প্রিমিয়াম স্তরে ২০০ টাকা নির্ধারণ করা। পাশাপাশি সব স্তরে ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক বহাল রেখে প্রতি প্যাকেটে ৪ টাকা নির্দিষ্ট কর আরোপের সুপারিশ করা হয়।
তারা সরকারের প্রতি আহ্বান জানান, ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে বাজেটে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।