তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্র ও সরকারকে এক করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে একটি জবাবদিহিমূলক, দক্ষ এবং প্রযুক্তিনির্ভর প্রশাসনিক সংস্কৃতি গড়ে তোলা জরুরি।
বৃহস্পতিবার (১৪ মে) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, রাষ্ট্র কোনো ব্যক্তি বা সরকারের ব্যক্তিগত বিষয় নয়। জনগণের ইচ্ছাই রাষ্ট্র পরিচালনার মূল শক্তি। জনগণের প্রত্যাশা থেকে বিচ্ছিন্ন হলে কোনো সরকারই দীর্ঘস্থায়ীভাবে কার্যকর থাকতে পারে না।
তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের দায়িত্ব হলো জনগণের ইচ্ছা ও মতামত বাস্তবায়ন করা। একইসঙ্গে প্রজাতন্ত্রের কর্মচারীদের দায়িত্ব হচ্ছে সরকারের জনকল্যাণমূলক নীতি ও কর্মসূচি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করা।
আইনের শাসনের গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, সংবিধানই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। তাই সংবিধান, আইন ও বিধিবিধানের বাইরে গিয়ে কোনো প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা যাবে না।
সভায় তিনি প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে বলেন, মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার সক্ষমতাকে সমন্বিতভাবে কাজে লাগাতে পারলে প্রশাসনের কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পাবে। বিচ্ছিন্নভাবে থাকা দক্ষতাকে একটি নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক কাঠামোর মধ্যে আনতে হবে।
তিনি আরও বলেন, একটি জবাবদিহিমূলক ও আধুনিক প্রশাসন গড়ে তুলতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন, যাতে জনগণ দ্রুত ও স্বচ্ছ সেবা পেতে পারে।