ইপেপার / প্রিন্ট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনের কয়েকটি ভোটকেন্দ্রে নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়েছে র্যাব। বিশেষ করে কিছু কেন্দ্রের সীমানা প্রাচীর বা দেয়াল ভাঙা থাকায় অননুমোদিত ব্যক্তির প্রবেশের আশঙ্কা রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১০ লালবাগ ক্যাম্পের কোম্পানি কমান্ডার তানভীর হাসান শিথিল এ তথ্য জানান। তিনি বলেন, র্যাব সদস্যরা সংশ্লিষ্ট সব কেন্দ্র পরিদর্শন করেছেন এবং তিনি নিজেও দুটি কেন্দ্র সরেজমিনে দেখেছেন। সেখানে ভাঙা দেয়ালসহ কিছু ভৌত নিরাপত্তা দুর্বলতা লক্ষ্য করা গেছে।
তানভীর হাসান বলেন, এ ধরনের অবকাঠামোগত সমস্যার সমাধান করা নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব। প্রিজাইডিং অফিসাররা যদি অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন মনে করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন, তবে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে র্যাব প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, গুজব ছড়ানো বা নাশকতার চেষ্টা করলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। ভোটগ্রহণ শুরু থেকে ফলাফল গণনা শেষ না হওয়া পর্যন্ত র্যাব মাঠে থাকবে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঢাকা-৬ ও ৭ আসনের প্রতিটি কেন্দ্রে পেট্রোল ফোর্স মোতায়েন থাকবে। পাশাপাশি ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করা হবে। প্রাথমিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, আনসার ও বিজিবি দায়িত্ব পালন করবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত শক্তির প্রয়োজন হলে র্যাব ও সেনাবাহিনী সহায়তা দেবে।
নির্বাচনে অর্থ লেনদেন সংক্রান্ত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে এই র্যাব কর্মকর্তা জানান, ‘নির্বাচন সুরক্ষা’ নামে একটি অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। কোনো কেন্দ্রের অনিয়মের তথ্য এ অ্যাপে জানানো হলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।