ইপেপার / প্রিন্ট
ঢাকা-১৬ (পল্লবী ও রূপনগর) নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়ম রোধে বিশেষ হটলাইন চালু করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রতিমন্ত্রী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন।
প্রতিমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, পল্লবী ও রূপনগর এলাকায় চাঁদাবাজি বা সন্ত্রাসমূলক কোনো কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যে-ই হোক না কেন, ছাড় দেওয়া হবে না।
জনগণের অভিযোগ গ্রহণ সহজ করার জন্য হটলাইন নম্বর ০১৫৫২-১৬১৬১৬ চালু করা হয়েছে। ওই এলাকার যে কেউ চাঁদাবাজি বা অনিয়মের শিকার হলে সরাসরি এই নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবেন।
প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, “আমার নির্বাচনী এলাকা সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাখতে হবে। সাধারণ মানুষের জানমাল নিরাপদ রাখতে যেকোনো ধরনের বিঘ্নকারী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এই হটলাইনের মাধ্যমে আমি সরাসরি জনগণের সমস্যা তদারকি করতে চাই।”