ইপেপার / প্রিন্ট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় ভয়ঙ্কর এক দুর্ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) সকালে মডার্ন হাসপাতালের সামনে একটি যাত্রীবাহী মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণে গাড়িতে থাকা ছয় যাত্রী আহত হন।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাইক্রোবাসটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। সীতাকুণ্ড এলাকা অতিক্রম করার সময় হঠাৎ একটি চাকা পাংচার হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। ধাক্কার আঘাতেই সিলিন্ডার বিস্ফোরিত হয়।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী জানান, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধারকাজ তৎপরভাবে চালানো হয়েছে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সড়ক থেকে সরানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।