ইপেপার / প্রিন্ট
গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত সোমবার (১৯ জানুয়ারি) বলেছেন, রাজধানী ঢাকাকে আর অবহেলায় মরতে দেওয়া যায় না। তিনি এই মন্তব্য করেন ‘ঢাকা বাঁচানোর ইশতেহার’ শীর্ষক আলোচনা সভায়, যা যৌথভাবে আয়োজন করেছে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ ও গুলশান সোসাইটি।
ওমর সাদাত বলেন, ঢাকার নাগরিকদের পক্ষ থেকে এই উদ্যোগ কোনো অভিযোগের তালিকা নয়, এটি একটি সতর্কবার্তা ও আহ্বান। রাজনৈতিক দলগুলোকে তিনি অনুরোধ করেন, ঢাকার সমস্যা স্বীকার করতে হবে, বুঝতে হবে এবং তাদের ইশতেহারে তা প্রতিফলিত করতে হবে। কারণ, ‘ঢাকা যদি বাঁচে, রাষ্ট্র বাঁচবে’।
তিনি উল্লেখ করেন, ঢাকা একসময় ছিল নদী, বাগান ও বাণিজ্যের শহর, মুঘল সুবাহ থেকে ঔপনিবেশিক নগর, এবং পরে একটি জীবন্ত রাজধানী। কিন্তু বর্তমানে ঢাকা জনসংখ্যার ভারে ন্যুব্জ, দূষণে ক্লান্ত, পরিকল্পনাহীনতায় জর্জরিত, বাতাস বিষাক্ত, পানি অনিরাপদ, খেলার মাঠ বিলুপ্ত, রাস্তা অচল, এবং যানজট নিত্যদিনের সমস্যা।
ওমর সাদাত বলেন, জাতিসংঘের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা ইতোমধ্যেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর এবং ২০৪৫ সালের মধ্যে এটি বিশ্বের সর্ববৃহৎ নগর হবে। এই বাস্তবতায় ঢাকা কেবল একটি শহর নয়, এটি একটি জাতীয় প্রশ্ন। তিনি রাষ্ট্রের পক্ষ থেকে ঢাকার জন্য সুসংগঠিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবকে গুরুতর বলে মন্তব্য করেন এবং বলেন, ঢাকা বাঁচাতে হলে বাতাস, পানি, চলাচল, খেলার মাঠ ও বাসযোগ্যতা একসঙ্গে বিবেচনা করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক মোহাম্মদ এজাজ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সংসদ সদস্য প্রার্থী, এবং নগর পরিকল্পনাবিদরা।