ইপেপার / প্রিন্ট
জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেশনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জন্য একগুচ্ছ কঠোর ও গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বুধবার (৬ মে ২০২৬) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত এ সেশনে তিনি আইন-শৃঙ্খলা, অবৈধ অস্ত্র উদ্ধার, মামলা ব্যবস্থাপনা এবং আসন্ন ঈদুল আজহার প্রস্তুতি নিয়ে বিস্তারিত নির্দেশনা দেন।
মন্ত্রী জানান, বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা প্রায় ১০ হাজার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র দ্রুত জমা নেওয়া, প্রয়োজনে বাজেয়াপ্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে দেওয়া অস্ত্র লাইসেন্সগুলো জেলা পর্যায়ের কমিটির মাধ্যমে পুনরায় যাচাই-বাছাই করার কথাও বলা হয়েছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক ও হয়রানিমূলক মামলাগুলো যাচাই করে প্রয়োজনীয় ক্ষেত্রে প্রত্যাহারের ব্যবস্থা নিতে হবে। তবে হত্যা, মাদক ও অস্ত্রসংক্রান্ত গুরুতর মামলা এই প্রক্রিয়ার বাইরে থাকবে। পাশাপাশি ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের হওয়া মামলাগুলোতে নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দেওয়া হয়। তিনি বলেন, মহাসড়ক ও রেললাইনের পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না। বড় হাটগুলোতে জাল নোট শনাক্তের ব্যবস্থা, পুলিশের বডি ক্যামেরা এবং নিবিড় নজরদারি থাকবে।
কোরবানির পশুর চামড়া সংরক্ষণ নিয়েও নির্দেশনা দেন মন্ত্রী। তিনি বলেন, গ্রাম ও উপজেলা পর্যায়ে সাত দিন লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করতে হবে এবং এর জন্য প্রয়োজনীয় লবণ বিনামূল্যে সরবরাহ করা হবে। ঢাকায় দ্রুত চামড়া আনা যাবে না, যাতে ট্যানারি ব্যবস্থার ওপর চাপ কমে।
এছাড়া মাদক, চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করা হয়। অনলাইন জুয়ার সাইট বন্ধে নতুন আইন প্রণয়ন ও প্রযুক্তিগতভাবে ব্লক করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
সীমান্ত পরিস্থিতি নিয়েও তিনি জানান, বর্তমানে কোনো অস্থিরতার আশঙ্কা নেই, তবে নিরাপত্তার স্বার্থে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে।