ইপেপার / প্রিন্ট
কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে গণপিটুনিতে নুর হাসান (৩২) ওরফে বাইন্না নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১ মে) সন্ধ্যার পর উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং ক্যাম্পজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
নিহত নুর হাসান রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মোস্তাফা কামালের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) Saiful Islam জানান, সন্ধ্যার দিকে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার সময় স্থানীয় রোহিঙ্গারা নুর হাসানকে আটক করে। পরে তাকে গণপিটুনি দেওয়া হলে তিনি গুরুতর আহত হন।
তিনি আরও জানান, রাত সাড়ে ৮টার দিকে আহত অবস্থায় নুর হাসানকে উদ্ধার করে প্রথমে আইওএম পরিচালিত হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহত নুর হাসানের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা রয়েছে। ঘটনার পর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে। ক্যাম্প এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।