ইপেপার / প্রিন্ট
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ধলাটেংগর এলাকায় শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৫ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক শোক বিবৃতিতে বলেন, “জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক এই দুর্ঘটনায় একটি পরিবারের একাধিক সদস্য, বিশেষ করে একটি নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে। আমি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “সড়ক ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যেন পুনরায় না ঘটে, তার জন্য জরুরি ব্যবস্থা নিতে হবে।”
মিয়া গোলাম পরওয়ার নিহতদের জন্য দোয়া করেন এবং আল্লাহর নিকট তাদের জান্নাতুল ফেরদৌস কামনা করেন। এছাড়া, তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।
এ দুর্ঘটনা দেশে রেলপথের নিরাপত্তা ব্যবস্থার পুনঃমূল্যায়নের প্রয়োজনীয়তা পুনরায় সামনে এনেছে।