ইপেপার / প্রিন্ট
ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ও আনারস প্রতীকের প্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান ইরান নির্বাচনী আপিলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা পেয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে কমিশন ডা. মোস্তাফিজুর রহমান ইরানের মনোনয়ন বৈধ বলে রায় দেন। শুনানিতে প্রার্থীর পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, “আমি ন্যায়বিচার পেয়েছি। ঝালকাঠি-১ আসনের রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার মানুষের কাছে দোয়া, সহযোগিতা এবং আনারস প্রতীকে ভোটের জন্য আবেদন করছি।”
তিনি আরও জানান, নির্বাচিত হলে রাজাপুর ও কাঁঠালিয়াকে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন। এছাড়া তিনি কোনো অন্যায় কর্মকাণ্ডে সহযোগিতা করবেন না এবং ন্যায়বিচার ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে সংসদ সদস্য হিসেবে ভূমিকা রাখার অঙ্গীকারও করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার নির্বাচন কমিশনে ৩৮১ থেকে ৪৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শুনানি বিকেল ৫টা পর্যন্ত চলেছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।