ইপেপার / প্রিন্ট
পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নিয়ে জ্যোতির্বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রকাশ করেছে আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার (আইএসি)। আন্তর্জাতিকভাবে স্বীকৃত চাঁদ দেখার মানদণ্ড ও আধুনিক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি আরব বিশ্ব বা ইসলামি বিশ্বের কোনো অঞ্চল থেকেই দেখা যাওয়ার সম্ভাবনা নেই। ফলে অধিকাংশ দেশে রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি।
আইএসির পরিচালক প্রকৌশলী মুহাম্মদ শওকত ওদেহ জানান, ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) আরব ও ইসলামি বিশ্বের সব অঞ্চল থেকেই খালি চোখে, টেলিস্কোপে কিংবা উন্নত জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তি ব্যবহার করেও চাঁদ দেখা প্রায় অসম্ভব। ওই দিন চাঁদ সূর্যের সঙ্গে এমন অবস্থানে থাকবে, যা দৃশ্যমান অর্ধচন্দ্র হওয়ার জন্য প্রয়োজনীয় সময় ও দূরত্ব পূরণ করবে না।
তিনি ব্যাখ্যা করেন, ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইসলামি বিশ্বের পূর্বাঞ্চলে সূর্যের আগেই চাঁদ অস্ত যাবে। মধ্যাঞ্চলে সূর্য ও চাঁদ প্রায় একই সময়ে অস্ত যাবে এবং পশ্চিমাঞ্চলে সূর্যাস্তের কয়েক মিনিট পর চাঁদ অস্ত যাবে। এই স্বল্প সময় চাঁদের সংযোগ (কনজাঙ্কশন) থেকে দৃশ্যমান অর্ধচন্দ্রে রূপান্তরের জন্য যথেষ্ট নয়।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে চাঁদের নিচের প্রান্ত সূর্যাস্তের এক মিনিট আগেই অস্ত যাবে। সৌদি আরবের রাজধানী রিয়াদে সূর্যাস্তের ৪২ সেকেন্ড আগে এবং তাবুক অঞ্চলে সূর্যাস্তের ঠিক সময় চাঁদ অস্ত যাবে। তখন চাঁদের বয়স হবে মাত্র এক ঘণ্টা ৪৯ মিনিট এবং সূর্যের সঙ্গে কৌণিক দূরত্ব হবে মাত্র এক ডিগ্রি—যা চাঁদ দেখার জন্য অপ্রতুল।
কায়রোতে চাঁদ সূর্যাস্তের দুই মিনিট পর এবং আলজেরিয়ায় ছয় মিনিট পর অস্ত গেলেও জ্যোতির্বিদরা নিশ্চিত করেছেন, এসব অঞ্চল থেকেও অর্ধচন্দ্র দেখা সম্ভব নয়।
এদিকে ১৭ ফেব্রুয়ারি বিকেলে একটি বলয়াকার সূর্যগ্রহণ সংঘটিত হবে, যা দক্ষিণ আফ্রিকা ও অ্যান্টার্কটিকার কিছু অংশ থেকে দৃশ্যমান হবে। জ্যোতির্বিদদের মতে, এই সূর্যগ্রহণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলে সূর্যাস্তের সময়ের সঙ্গে সমানুপাতিক হওয়ায় ওই দিন বা তার পরবর্তী কয়েক ঘণ্টায় চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা কার্যত নেই।
ভুল চাঁদ দেখার দাবির বিষয়ে সতর্ক করে প্রকৌশলী শওকত ওদেহ বলেন, ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখার কোনো দাবি এলে তা ভুল পর্যবেক্ষণের ফল হতে পারে। কারণ যেসব অঞ্চলে চাঁদ সূর্যের আগে বা একই সময়ে অস্ত যায়, সেখানে সূর্যাস্তের পর চাঁদ অনুসন্ধানের কোনো প্রয়োজনই নেই।
আইএসির তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ অধিকাংশ আরব দেশে ১৮ ফেব্রুয়ারি শাবান মাসের ৩০তম ও শেষ দিন পূর্ণ হবে। সে হিসেবে এসব দেশে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা বেশি।
তবে বাংলাদেশ, পাকিস্তান, ইরান, মরক্কো, মৌরিতানিয়া ও আফ্রিকার কিছু দেশে ১৮ ফেব্রুয়ারি শাবান মাসের ২৯তম দিন হিসেবে রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে। আবহাওয়া ও স্থানীয় চাঁদ দেখার মানদণ্ডের ওপর নির্ভর করে এসব দেশে রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি অথবা ২০ ফেব্রুয়ারি (শুক্রবার)।