ইপেপার / প্রিন্ট
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর নেতৃত্বেই বাঙালি জাতি মুক্তির লড়াই শুরু করেছিল।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বিপ্লব উদ্যান স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মীর হেলাল বলেন, জিয়াউর রহমানের ঐতিহাসিক ঘোষণায় জাতি সাহস ও প্রেরণা পেয়েছিল, যা দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পথ দেখিয়েছে। তিনি মহান মুক্তিযুদ্ধে বীর শহীদ, মা-বোন এবং দেশপ্রেমিক জনগণের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শক্তির উত্থান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করেছে। এর ফলে আইনের শাসন ও জবাবদিহি দুর্বল হয়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনায় একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টা বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছে।
চট্টগ্রাম-৫ আসনের এই সংসদ সদস্য বলেন, বর্তমান প্রেক্ষাপটে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই হওয়া উচিত প্রধান লক্ষ্য। তিনি উল্লেখ করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্য, শিল্প ও কৃষি খাতের উন্নয়ন নিশ্চিত হবে এবং দেশটি আত্মনির্ভর ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। এছাড়া সমাবেশে নবনির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান বক্তব্য রাখেন।