ইপেপার / প্রিন্ট
বাংলাদেশের পরিবেশ বিশেষজ্ঞ, সুশীল সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের জার্মান প্রতিনিধি দলের বৈঠকে অংশ নিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৈঠকটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ঢাকাস্থ জার্মান দূতাবাসে। বৈঠকে উপস্থিত ছিলেন জার্মান সংসদের পরিবেশ কমিটির প্রধান মাইকেল থিউস, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা।
বৈঠকে বাংলাদেশে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নেওয়া বিভিন্ন উদ্যোগ ও উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নে জার্মানির কারিগরি ও আর্থিক সহযোগিতা জোরদারের বিষয় আলোচনা করা হয়। পাশাপাশি জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন, টেকসই অর্থনীতি, গবেষণা ও জ্ঞান বিনিময়, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি এবং পানি পুনর্ব্যবহারসহ পরিবেশ সংরক্ষণে সম্প্রসারিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে জ্বালানি দক্ষতা ও গ্রিন কুলিং, কার্বন নিঃসরণ হ্রাস, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব শিল্পায়নেও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনার কথাও আলোচনা করা হয়।
জার্মান প্রতিনিধিদল বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন ও জলবায়ু সহনশীল অবকাঠামো গঠনে তাদের অব্যাহত সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেছে।