ইপেপার / প্রিন্ট
বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় চমক দেখিয়েছে ইকুয়েডর। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে শুধু ইতিহাসই গড়েনি, নিশ্চিত করেছে ২০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের জায়গাও।
এই হারের মাধ্যমে সব প্রতিযোগিতা মিলিয়ে জার্মানির টানা ১১ ম্যাচের জয়যাত্রার ইতি ঘটেছে। জুলিয়ান নাগেলসমানের শিষ্যরা সর্বশেষ হেরেছিল গত বছরের ৫ সেপ্টেম্বর, বিশ্বকাপ বাছাইপর্বে স্লোভাকিয়ার বিপক্ষে। এরপর টানা ১১ ম্যাচে জয় তুলে নেয় জার্মানরা।
সেই জয়ের ধারায় ছিল নর্দার্ন আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ ও স্লোভাকিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্স। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে নিজেদের শক্তির জানানও দিয়েছিল জার্মানি। টানা এই ১১ ম্যাচে তারা মোট ৩৮টি গোল করেছিল।
অন্যদিকে, জার্মানির বিপক্ষে আগের দুই দেখায় বড় ব্যবধানে হেরেছিল ইকুয়েডর। ২০০৬ বিশ্বকাপে স্বাগতিক জার্মানির কাছে ৩-০ গোলে এবং ২০১৩ সালের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৪-০ গোলে পরাজিত হয়েছিল লাতিন আমেরিকার দলটি।
দুই দশক পর সেই সব হতাশার জবাব দিল ইকুয়েডর। জার্মানিকে হারিয়ে শুধু অতীতের হিসাবই মেলায়নি, বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা করে নিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়ও লিখেছে লা ট্রাইকলাররা।