ইপেপার / প্রিন্ট
জামালপুরের ইসলামপুর উপজেলায় তেল না পেয়ে ক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে সাড়ে মোশারফগঞ্জ এলাকায় মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে সড়ক অবরোধ করেছেন। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, ফিলিং স্টেশনে তেল দেওয়া হবে। খবর পেয়ে শনিবার মধ্যরাত থেকেই বিপুল সংখ্যক মোটরসাইকেল চালক লাইনে দাঁড়িয়ে যান। দীর্ঘক্ষণ অপেক্ষার পর পাম্প কর্তৃপক্ষ জানায়, তেল নেই এবং এখনো আসেনি। এতে উত্তেজিত চালকরা পাম্পের সামনে দেওয়ানগঞ্জ জামালপুর সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন।
অবরোধকারী এক মোটরসাইকেল চালক বলেন, “আমরা শুনেছি পাম্পে তেল আছে। তাই আমরা রাত থেকেই লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু সকালে তারা বললো তেল নেই। রাতেই বলতো, আমরা চলে যেতাম।”
এক যাত্রী আরিফা (২১) বলেন, “দেশে তেলের সংকট এখন দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। এ ধরনের হট্টগোল আমাদের জন্যও অস্বস্তিকর।”
মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের একজন কর্মচারী, নাম প্রকাশে অনিচ্ছুক, বলেন, “আমাদের পাম্পে তেল নেই। কেউও বলিনি আজ সকালে তেল দেওয়া হবে। তেলের গাড়ি এখনো আসেনি। চালকদের হট্টগোল অন্যায় ও জুলুম ছাড়া কিছু নয়।”
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে দেয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।