ইপেপার / প্রিন্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর কাছে দোয়া করেছি যাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট থাকে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ডা. শফিকুর রহমান বলেন, “দেশের মানুষের ওপর আল্লাহ যেন শান্তি ও রহমত বর্ষণ করেন এবং একটি অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনে সবাই একসঙ্গে কাজ করতে পারেন।” তিনি আরও জানান, এই অনুষ্ঠানকে একটি নৈতিক দায়িত্ব হিসেবে পালন করা হয়েছে এবং এটি রাষ্ট্রের সর্বোচ্চ আচার।
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নূরুল ইসলাম বুলবুল, মোবারক হোসাইন, শফিকুল ইসলাম মাসুদ, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কামাল হোসাইন এবং ঢাকা জেলা জামায়াতের আমির দেলোয়ার হোসাইন।
ডা. শফিকুর রহমান দেশের জনগণকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি এবং এই মূল্যবোধ দেশের যুবপ্রজন্মের মধ্যে প্রতিফলিত হবে।”