চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ইব্রাহিমপুর গ্রামের স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২৫ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার তরিকুল ইসলাম ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ মে দুপুরে ওই বৃদ্ধা দামুড়হুদা উপজেলার কলাবাড়ী গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে মেয়ের দেওয়া তরকারি ও মাছের ব্যাগ নিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। পথে ইব্রাহিমপুর পার্কের পেছনে পৌঁছালে তরিকুল ইসলাম তাকে ব্যাগ পৌঁছে দেওয়ার কথা বলে সঙ্গে নেয়।
অভিযোগ অনুযায়ী, পরে মেন্দের মাঠ এলাকায় নিয়ে গিয়ে হঠাৎ ওই যুবক বৃদ্ধাকে জড়িয়ে ধরে ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগী মানসিকভাবে ভেঙে পড়েন এবং বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে।
পরবর্তীতে রোববার (২৪ মে) রাতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন জানান, ঘটনার অভিযোগ পাওয়ার পরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয় এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।