চীন সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।
বুধবার (১৫ এপ্রিল) রাত ১১টা ২০ মিনিটে চায়না নর্দান এয়ারলাইন্স–এর একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দলটির নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ। প্রতিনিধি দলে আরও রয়েছেন বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আলতাব হোসেন চৌধুরী, নাজমুল হক নান্নু, এস এম আসাদুজ্জামান রিপন, বেবী নাজনীন, খাইরুল কবির খোকন, হাবিবুর নবী খান সোহেল, মোস্তাফিজুর রহমান বাবুলসহ আরও অনেকে।
দলীয় সূত্রে জানা গেছে, চীন সফরে দ্বিপাক্ষিক রাজনৈতিক যোগাযোগ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হতে পারে।
এ সফরকে বিএনপির আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যৎ রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।