ইপেপার / প্রিন্ট
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ দোকান থেকে চাঁদাবাজির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর বক্তব্য ও অপপ্রচার চালানোর অভিযোগে সর্বমিত্র চাকমার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি নুরুল গনি সগীরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাজমুস শাকিব এ নোটিশ প্রেরণ করেন।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে নুরুল গনি সগীর বলেন, গত ২৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ দোকানসংক্রান্ত একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন চাঁদাবাজির অভিযোগ তোলা হয়। বিষয়টি স্পষ্ট করতে তিনি ২৫ জানুয়ারি সংবাদ সম্মেলন করে অভিযোগকারীর প্রতি ১২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন এবং অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান।
তিনি বলেন, নির্ধারিত সময়সীমা পার হয়ে তিন থেকে চার দিন অতিবাহিত হলেও অভিযোগের পক্ষে কোনো ধরনের প্রমাণ বা তথ্য উপস্থাপন করা হয়নি। ফলে বিষয়টি আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সর্বমিত্র চাকমার কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
আইনি নোটিশে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট ও পরবর্তী বিভিন্ন বক্তব্যের মাধ্যমে নুরুল গনি সগীরকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর। এসব বক্তব্যের কারণে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে নোটিশে দাবি করা হয়।
নোটিশে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন। বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে একজন শিক্ষার্থী নেতাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে, যা দণ্ডবিধি অনুযায়ী মানহানি ও হয়রানিমূলক অপরাধের শামিল।
আইনি নোটিশে সর্বমিত্র চাকমাকে নোটিশ প্রাপ্তির ১০ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে অভিযোগ প্রত্যাহার, সংশ্লিষ্ট পোস্ট ও বক্তব্য অপসারণ এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিশির তানিম উপস্থিত ছিলেন।