ইপেপার / প্রিন্ট
চট্টগ্রাম-১১ আসনে জামায়াতের প্রার্থী মো. শফিউল আলম তার প্রতিদ্বন্দ্বী ও বিএনপির শীর্ষ নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি ও নারীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন।
শফিউল আলম বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আগ্রাবাদে আয়োজিত নির্বাচনী ইশতিহার প্রকাশ অনুষ্ঠানে বলেন, আমীর খসরু একইসঙ্গে চাঁদাবাজদের বৈধতা দিয়ে তাদের ভবিষ্যতের নির্বাচনে পেশীশক্তি ব্যবহারে উৎসাহিত করেছেন। তিনি আরও জানান, সম্প্রতি একটি দোয়া মাহফিল ও নির্বাচনী জনসভায় আমীর খসরু দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, “তোমরা যারা এতদিন চাঁদাবাজি করেছো, আজকের দিন পর্যন্ত ঠিক আছে। ভবিষ্যতে আর করবে না।”
জামায়াত প্রার্থী দাবি করেন, এই বক্তব্যের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী নেতা স্বীকার করেছেন তার দলে চাঁদাবাজ রয়েছে এবং তাদের বৈধতা দিয়েছেন। তিনি আরও বলেন, “একজন শীর্ষ নেতা এভাবে চাঁদাবাজিকে সমর্থন করতে পারেন, এটা অত্যন্ত উদ্বেগজনক।”
শফিউল আলম অভিযোগ করেন, একইসঙ্গে আমীর খসরু নারীদের ভয়ভীতি দেখানোর কথাও বলেছেন। তিনি বলেন, “বোরকা পড়া মহিলারা যদি ঘরে ঘরে ভোট চাইতে যায়, তাদের বাধা দেওয়া হবে এবং পুলিশকে ফোন করলে ধরে নিয়ে যাবে।” এই বক্তব্যের মাধ্যমে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে বলে তিনি মনে করেন।
ইশতিহার অনুষ্ঠানে শফিউল আলম পতেঙ্গা-ইপিজেড এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির ১২টি প্রতিশ্রুতি তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো:
১ হাজার শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা
ডিজিটাল ট্রাফিক সিস্টেম চালু করা
সড়ক সম্প্রসারণ ও আধুনিকায়ন
পতেঙ্গা ও আউটার রিং রোড এলাকায় বিশ্বমানের পর্যটন স্পট গড়ে তোলা
দরিদ্র জনগোষ্ঠীর জন্য দুটি কবরস্থানের ব্যবস্থা
ওয়াসার পানির সমস্যার সমাধান এবং সরকারি ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা নিরসন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর জামায়াতের আমির নজরুল ইসলাম, সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, এবং উপস্থিত ছিলেন ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও মহানগর জামায়াতের বিভিন্ন শাখার নেতা ও সদস্যরা।