চলতি বছরের মধ্যেই আরও ৬টি পাটকল বেসরকারি খাতে লিজ দেওয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বস্ত্র ও পাট মন্ত্রণালয়-এর সভাকক্ষে বন্ধ পাটকল ইজারা সংক্রান্ত অংশীজনদের সঙ্গে জরুরি বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বন্ধ থাকা পাটকলগুলোর বর্তমান অবস্থা, নতুন বিনিয়োগের সম্ভাবনা এবং দ্রুত বিনিয়োগ আকর্ষণের উপায় খুঁজতেই এ বৈঠকের আয়োজন করা হয়। তিনি জানান, ইতোমধ্যে কিছু পাটকল বেসরকারি খাতে হস্তান্তর করা হয়েছে এবং সেখানে বিনিয়োগকারীরা উল্লেখযোগ্য বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করেছেন, যা ইতিবাচক ফল দিচ্ছে।
চলতি বছরে নতুন করে আরও ছয়টি পাটকল লিজ দেওয়ার প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করা হবে বলে জানান তিনি। প্রতিটি পাটকলে এক হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, মিলভেদে প্রায় ২০০ কোটি থেকে ৫০০ কোটি টাকা পর্যন্ত নতুন বিনিয়োগ আসতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী বস্ত্র ও পাট খাতের সব মিলকে ধীরে ধীরে উৎপাদনমুখী কার্যক্রমে ফিরিয়ে আনা হবে। কিছু মিল পাটশিল্পে এবং কিছু অন্যান্য শিল্পে বিনিয়োগের মাধ্যমে পুনরায় চালু করা হবে। এর ফলে কর্মসংস্থান বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং আমদানি নির্ভরতা কমাতে সহায়ক ভূমিকা রাখবে।
এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, সরকার বন্ধ পাটকলগুলোকে পুনরুজ্জীবিত করতে কাজ করছে এবং পরিদর্শনের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।