ইপেপার / প্রিন্ট
বিদ্যমান ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ বাতিল করে নতুনভাবে বোর্ড গঠন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাম্প্রতিক জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নতুন এই বোর্ডে মোট ১৫ জন সদস্য থাকবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। আর বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
নতুন বোর্ডে সদস্য হিসেবে রাখা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি (ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদা), প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের একজন প্রতিনিধি (ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদা) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদা)।
এ ছাড়া বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির একজন প্রতিনিধি বা একজন প্রথিতযশা প্রযোজক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির একজন প্রতিনিধি বা একজন প্রথিতযশা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন প্রতিনিধি বা একজন স্বনামধন্য অভিনেতা বা অভিনেত্রী এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির একজন প্রতিনিধি।
চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বোর্ডে আরও রয়েছেন চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির, চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান, চলচ্চিত্র অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এবং চলচ্চিত্র পরিচালক তাসমিয়া আফরিন মৌ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের ক্ষমতাবলে সরকার বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করল। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে গঠিত বোর্ড বাতিল করা হলো।’
নতুন বোর্ড গঠনের মাধ্যমে চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রম আরও কার্যকর, স্বচ্ছ ও যুগোপযোগী হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।