ইপেপার / প্রিন্ট
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় দায়ের হওয়া সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. সাইফুলকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাতে চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানার তুলাতলী হাফেজ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার সাইফুল রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার ধলিয়া মুসলিম পাড়া এলাকার বাসিন্দা এবং মো. ছাবেরের ছেলে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব সূত্রে জানা গেছে, গত ২৪ মে দক্ষিণ রাঙ্গুনিয়া উপজেলার জয়নগর এলাকায় এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন ২০২৫) অধ্যাদেশের ৯(৩) ধারায় রুজু করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন বিকেলে ওই তরুণী ছাগল আনতে বের হলে কয়েকজন তাকে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে যায়। পরে সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ রয়েছে।
চট্টগ্রাম র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে