ইপেপার / প্রিন্ট
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ও ষোলশহর এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগের নেতা-কর্মীরা। শুক্রবার (৫ জুন) সকালে আগ্রাবাদের বিদ্যুৎ ভবনের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগরের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিছিলটি বন্দর এলাকা থেকে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে অগ্রসর হয়। অংশগ্রহণকারীদের হাতে থাকা ব্যানারে হামে শিশু মৃত্যু, শিশু ধর্ষণের বিচার এবং বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কথা উল্লেখ ছিল। পরে বিদ্যুৎ ভবনের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
মিছিলে নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম সামদামী জনির ছবি সম্বলিত ব্যানারও দেখা যায়। একই দিনে নগরীর ষোলশহর এলাকায়ও যুবলীগের আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে শুলকবহর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আবুল বাশারের নামসংবলিত ব্যানার দেখা গেছে।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে এবং তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।