ইপেপার / প্রিন্ট
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সোমবার বিকেলে এক অভিযান চালানোর সময় র্যাবের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় একজন র্যাব সদস্য গুরুতর আহত হন এবং তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও তিন জন র্যাব সদস্য দুর্বৃত্তদের হাতে জিম্মি রয়েছেন।
ঘটনার পর অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং তাদের উদ্ধারে অভিযান চলছে। চট্টগ্রাম র্যাব ও চট্টগ্রাম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
জঙ্গল সলিমপুর এলাকাটি প্রায় ৪০ বছর ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল করে গড়ে উঠেছে অবৈধ বসতি। এই দুর্গম পাহাড়ি এলাকা দীর্ঘদিন ধরে পাহাড়খেকো, ভূমিদস্যু এবং সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। বহিরাগতদের প্রবেশ এই এলাকায় কার্যত নিষিদ্ধ।
এলাকার মোট আয়তন প্রায় ৩,১০০ একর, এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার কোটি টাকা, যা পাহাড় দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই সংঘর্ষ, হত্যাকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতা ঘটছে।
গত বছর রাজনৈতিক পরিবর্তনের পর থেকে এলাকায় সশস্ত্র সংঘর্ষ আরও বেড়ে গেছে। এর ফলে একাধিক হত্যাকাণ্ড ঘটেছে। সাংবাদিক ও প্রশাসনিক দলও এর আগেও হামলার শিকার হয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে উচ্ছেদ অভিযানে অন্তত ২০ জন আহত হয়েছিলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা জানান, ভৌগোলিক অবস্থানের কারণে বাহিনী এককভাবে অভিযান চালালে পাহাড়দারদের মাধ্যমে সন্ত্রাসীরা আগাম খবর পেয়ে হামলা চালায়।
এলাকায় সরকারি খাস জমিতে কারাগার, আইটি পার্কসহ ১১টি বড় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও জমি উদ্ধার না হওয়ায় কোন প্রকল্পই শুরু হয়নি।