ইপেপার / প্রিন্ট
চব্বিশের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার বাঘগুজারা বাজারপাড়া এলাকায় সফরসঙ্গীদের নিয়ে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন তিনি। এ সময় তিনি মোনাজাত করেন এবং শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
পরে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ ওয়াসিম আকরামের মা জোসনা বেগমসহ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাদের খোঁজখবর নেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি শহীদের পরিবারকে ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র প্রদান করা হয়।
এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে কক্সবাজার পৌঁছে প্রধানমন্ত্রী দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
দিনের কর্মসূচির মধ্যে ছিল পাতলী খাল পুনঃখনন উদ্বোধন, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চকরিয়ায় বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য প্রদান।
সফর শেষে মেরিন ড্রাইভে সমুদ্র দর্শন ও সুধী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সবশেষে রাতেই ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটে তিনি ঢাকায় ফিরে যাবেন।