অর্থনীতিতে টেকসই অগ্রগতির জন্য বাজেটে সুস্পষ্ট উন্নয়ন দর্শনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে অর্থনীতিবিদ ড. সেলিম জাহান বলেছেন, অতীতে অবকাঠামোগত উন্নয়ন হলেও গুণগত উন্নয়ন না হওয়ায় দেশের অর্থনীতি কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারেনি।
শনিবার রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)-তে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘অর্থনৈতিক সুরক্ষায় রাজস্ব আয় বৃদ্ধি আগামী বাজেটের প্রধান কৌশল হওয়া উচিত’ শীর্ষক ছায়া সংসদে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন থাকা জরুরি। বর্তমান প্রেক্ষাপটে বৈশ্বিক অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাত এবং বৈদেশিক ঋণের চাপ দেশের অর্থনীতিকে জটিল পরিস্থিতিতে ফেলেছে। সরকারের ব্যয়ের একটি বড় অংশ ঋণের সুদ ও আসল পরিশোধে ব্যয় হচ্ছে, যা অর্থনৈতিক ভারসাম্যের ওপর চাপ সৃষ্টি করছে।
ড. জাহান আরও বলেন, জ্বালানি, রপ্তানি ও সামাজিক সুরক্ষা খাতে ভর্তুকি ব্যয় বাড়লেও রাজস্ব আয় সেই হারে বাড়ছে না। ফলে বাজেট ঘাটতি বাড়ছে। কর ব্যবস্থার জটিলতা দুর্নীতির সুযোগ সৃষ্টি করে বলেও মন্তব্য করেন তিনি।
সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অতীত সরকারের অনেক প্রকল্প অতিমূল্যায়িত ছিল, যার ফলে অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। তিনি একটি জনবান্ধব ও টেকসই বাজেট প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন, যাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকে এবং নিম্ন ও মধ্যবিত্তের ওপর অতিরিক্ত চাপ না পড়ে।
তিনি আরও বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে হবে এবং সৎ ব্যবসায়ীদের হয়রানি থেকে রক্ষা করতে হবে। একই সঙ্গে অনিয়মকারীদের আইনের আওতায় আনার কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে ছায়া সংসদ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশ নেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।