ইপেপার / প্রিন্ট
খুলনা বিভাগের ১০ জেলায় হামের উপসর্গ নিয়ে শিশু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং একই সময়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।
সোমবার (৬ এপ্রিল) বিকেল পর্যন্ত বিভাগজুড়ে ৩৩৭ শিশু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক মো. মুজিবর রহমান। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত কুষ্টিয়ায়, যেখানে ১০১ শিশু ভর্তি রয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় ৬২, যশোরে ৫৭, মাগুরায় ২৮, সাতক্ষীরায় ২০, মেহেরপুরে ১৮, বাগেরহাট ও নড়াইলে ১৭ জন করে এবং ঝিনাইদহে ১৩ শিশু চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ভর্তি হওয়া শিশুদের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ২৫ জন রয়েছে। এছাড়া সাতক্ষীরা, মেহেরপুর, মাগুরা, খুলনা, যশোরসহ অন্যান্য জেলাতেও নতুন রোগী শনাক্ত হয়েছে।
খুলনার সিভিল সার্জন মোছা. মাহফুজা খাতুন বলেন, হামের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যকর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন। বাড়ি বাড়ি গিয়ে টিকা ও সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে। তিনি জানান, বর্তমানে টিকার কোনো সংকট নেই, তবে রোগটি হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়ায় বলে সবাইকে সতর্ক থাকতে হবে।