ইপেপার / প্রিন্ট
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-কে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
রোববার (১ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ইরান একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। সেই দেশের প্রধান ধর্মীয় নেতাকে তার নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যা করা প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তিনি এ ঘটনাকে বর্বরোচিত হত্যাকাণ্ড আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান।
বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কথিত মার্কিন-ইসরায়েলি এই আগ্রাসন গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করতে পারে এবং এর প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে। তাই দ্রুত এই সংঘাত বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে ইরানি জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করা হয়।